Recent

Jhargram: চাকরির নামে মেদিনীপুর থেকে কোটি কোটি টাকা তুলেছে পার্থ ঘনিষ্ঠ তিন প্রতারক! ঝাড়গ্রামে গড়ে উঠেছে বিশাল খামারবাড়ি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ঝাড়গ্রাম, ২৬ জুলাই: দুই মেদিনীপুর আর ঝাড়গ্রামের কয়েকশো ছেলেমেয়ে প্রতারিত হয়েছেন ‘চাকরির দালাল’ পার্থ ঘনিষ্ঠ অতনু গুছাইতের মাধ্যমে। তোলা হয়েছে কোটি কোটি টাকা। আর, সেই টাকার ভাগ একদিকে যেমন গেছে মন্ত্রীর কাছে। অন্যদিকে, ঝাড়গ্রাম ব্লকের বাঁধগোড়া অঞ্চলের মহুলবনি মৌজায় ২৯ বিঘা জমিতে গড়ে উঠেছে বিশাল খামারবাড়ি। তবে, মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারের দিন থেকেই তাতে পড়েছে তালা! অতনু’র দুই সাগরেদ ভাই শান্তনু গুছাইত (লাল) এবং স্ত্রী মানসী গুছাইত। মানসী আবার একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বলেও দাবি। তবে, এই মুহূর্তে তিনজন-ই নাকি বেপাত্তা! অন্তত পুলিশের রিপোর্ট তাই বলছে। কারণ, মাসখানেক আগেই তমলুক আদালত প্রতারণার দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে অতনু’র বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ সুপার অমরনাথ কে. সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “সমস্ত ঠিকানায় তল্লাশি চালিয়েও পাওয়া যায়নি। তবে, ওঁর খোঁজে সর্বত্র সন্ধান চালানো হচ্ছে।” এদিকে, ঝাড়গ্রামের ওই ২৯ বিঘা এলাকাজুড়ে (ভিন্ন সূত্রে ৪৫ একর) কোটি কোটি টাকা ব্যয়ে গড়ে ওঠা খামারবাড়ি-ই এখন ইডি’র র‍্যাডারে!

আপাতত পড়েছে তালা :

জানা গেছে, প্রাক্তন শিক্ষামন্ত্রী আর বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর থেকেই ইডির নজর জেলায় জেলায় মন্ত্রীর ঘনিষ্ঠজনেদের বিপুল সম্পত্তির উপরেও। তৃণমূলের স্থানীয় নেতারাও মানছেন, ২০১৩ সালে স্থানীয় কুণ্ডু পরিবারের কাছ থেকে অতনু মহুলবনি মৌজায় মা মিতা ও ভাই শান্তনুর নামে ২৯ বিঘা জমি কিনেছিলেন। দু’বছরের মধ্যেই গড়ে ওঠে বিশাল খামারবাড়ি। ভিতরে ফল ও ফুলের গাছ, ৭টি পুকুর, অতিথিশালা, গো-পালনকেন্দ্র। দক্ষিণেশ্বরের আদলে গড়ে উঠছিল এক মন্দির-ও। তবে, মন্ত্রী গ্রেপ্তার হওয়ার পর থেকেই ‘এবি গ্রিন ফার্ম হাউস প্রাইভেট লিমিটেড’ নামে ওই খামারের মূল গেটে এখন তালা। দেখভালের দায়িত্বে থাকা দুই কর্মী মুড়াকাটি গ্রামের অচিন্ত্য চালক ও বাঁধগোড়ার রবি খামরুই অবশ্য এখনও আছেন। তাঁরা সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিনিধিকে জানিয়েছেন, বছর খানেক বেতন বন্ধ। তবে, ৭টি গরু আর ৫টি অ্যালসেশিয়ান কুকুরের জন্যই তাঁরা খামার আগলে রয়েছেন! গরুর দুধ বিক্রির টাকায় গো-খাদ্য ও কুকুরদের জন্য মাংস কেনা হচ্ছে। বছর দেড়েক আগেই ভেতরে থাকা পুকুরগুলি থেকে সমস্ত মাছ ধরে ঝাড়গ্রাম বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে। পুলিশের খাতাতেও ২০২১-এর জুলাই মাস থেকে অতনু’রা ফেরার!

এই সেই খামারবাড়ি:

তবে, এলাকাবাসী থেকে স্থানীয় তৃণমূল নেতারা জানিয়েছেন, গত বছর (২০২১) এখানে কালীপুজো করেছিলেন অতনু। বাইরে থেকে কয়েকজন অতিথিও এসেছিলেন! এদিকে, স্থানীয় একাধিক বাসিন্দা জানালেন, ঝাড়গ্রামেও চাকরি দেওয়ার নাম করে টাকা তোলা হয়েছে। টাকা তুলতেন খামারেরই এক কর্মী। তাঁর বাড়ি ঝাড়গ্রাম শহরে। ওই কর্মীর স্ত্রী, ভাইয়ের স্ত্রী-সহ কয়েক জন আত্মীয় সরকারি ডি-গ্রুপের চাকরি পেয়েছেন বলেও দাবি। পূর্ব মেদিনীপুরের এক অভিযোগকারী প্রসেনজিৎ কুইলা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “পরিবারের চার জনের জন্য কয়েক লক্ষ টাকা দিয়েছিলাম। কোলাঘাট থানায় লিখিত অভিযোগ করেও কিছু লাভ হয়নি!” জানা যায়, প্রসেনজিৎ কুইলা নাকি প্রায় ৪০ লক্ষ টাকা প্রতারিত হয়েছেন। দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের এমন-ই শয়ে শয়ে চাকরিপ্রার্থী প্রতারিত হতে পারে বলে তদন্তকারী সংস্থা মনে করছে। বাঁধগোড়া অঞ্চল তৃণমূলের সভাপতি শঙ্কর বেজ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “মালিকপক্ষ মন্ত্রী-ঘনিষ্ঠ বলে শুনেছিলাম। তাই, মাথা ঘামাইনি!”

অতনু গুছাইত (বাম দিকে) :

News Desk

Recent Posts

Midnapore: নেশার কবলে পড়ে জীবন ছারখার, মূল স্রোতে ফেরাচ্ছে মেদিনীপুরের ‘জননী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…

6 days ago

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…

2 weeks ago

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

2 weeks ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

3 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 month ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

1 month ago