শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই (২৪)। প্রেমিকের সাথে পরিকল্পনা করে স্বামী সহ শ্বাশুড়বাড়ির সকলকেই ভাতের সাথে বিষ মিশিয়ে মেরে ফেলার চক্রান্ত করেছিলেন স্ত্রী! অভিযুক্ত প্রেমিক-যুগলকে গ্রেপ্তার করেছে পুলিশ। ক্রাইম সিনেমাকেও হার মানানো এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর ডেবরা ব্লকের ৫/২ অঞ্চলের সুভদ্রাপাঠ এলাকায়। ধৃত রুমা দোলাই (২১) এবং তাঁর প্রেমিক সঞ্জয় দোলাই (২৬)-কে বুধবার মেদিনীপুর আদালতে পেশ করে ৩ দিনের পুলিশ হেফাজতে নিয়েছে ডেবরা থানার পুলিশ। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বছর তিনেক আগে প্রেম করেই বিয়ে হয়েছিল পশ্চিম মেদিনীপুরের ডেবরার বুদ্ধদেব ও ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের রুমার। ১৬ মাসের এক শিশুকন্যাও আছে তাঁদের। সম্প্রতি বুদ্ধদেবের পিসতুতো দাদা সঞ্জয়ের সাথে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে রুমার। সঞ্জয়ের বাড়ি ডেবরা ব্লকেরই পশং এলাকায়। ডেবরা বাজারেই তাঁর একটি দোকান আছে। মাসখানেক আগেই পিসতুতো দাদার সাথে স্ত্রী-র সম্পর্কের কথা জেনে ফেলেছিলেন বুদ্ধদেব। আর সেটাই যেন কাল হলো! ‘পথের কাঁটা’ সরাতে স্বামীকে পৃথিবী থেকে সরানোর পরিকল্পনা করেন রুমা। প্রেমিক তথা সম্পর্কে ‘ভাসুর’ সঞ্জয় পরামর্শ দেন, পরিবারের একজনকে মেরে ফেললে ধরা পড়ে যাওয়ার ভয় আছে, তাই পুরো পরিবারকেই সরিয়ে ফেলতে হবে! সেই সূত্রেই দিন দশেক আগে রুমাকে বিষ কিনে দেন সঞ্জয়। সেইদিনই রাতের খাবারের সাথে ওই বিষ মিশিয়ে পরিবারের সকলকে খেতে দেন রুমা। অভিযোগ, স্বামীর মৃত্যু নিশ্চিত করতে তাঁকে একটি ঘুমের ওষুধও জলের সাথে গুলে খাইয়ে দেন রুমা। এরপরই ভোর থেকে পরিবারের সকলের পেট ব্যথা, শ্বাসকষ্ট সহ নানা উপসর্গ দেখা দেয়। রুমাই প্রতিবেশীদের ডাকাডাকি করে স্বামী, দেওর, শ্বশুর-শাশুড়ি সহ মোট ৫ জনকে ডেবরা হাসপাতালে নিয়ে যান। বাকিরা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও, দিন তিনেক আগে বুদ্ধদেবের অবস্থা সঙ্কটজনক হয়ে ওঠে। তাঁকে ওড়িশার কলিঙ্গ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই মঙ্গলবার (৫ আগস্ট) সকালের দিকে তাঁর মৃত্যু হয়। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ মৃত বুদ্ধদেবের পরিবারের তরফে ডেবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে বুধবার গ্রেপ্তার করা হয় রুমা ও বুদ্ধদেবকে। দুপুর নাগাদ মেদিনীপুর জেলা আদালতে পেশ করা হলে দু’জনেরই ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
ঘটনার ভয়াবহতায় কার্যত হতভম্ব হয়ে গিয়েছেন প্রত্যন্ত ওই গ্রামের বাসিন্দারা। তাঁরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান শম্ভু মুর্মু বলেন, “পুরো বিষয়টি জানতে পেরে আমিও বাকরুদ্ধ! দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।” শম্ভু সহ এলাকার বাসিন্দারা বলেন, বিয়ের পরপর সবকিছু ঠিকঠাকই ছিল। মাসখানেক আগে থেকে স্বামী-স্ত্রী’র মধ্যে অশান্তি শুরু হয়। পারিবারিকভাবে একাধিকবার মেটানোর চেষ্টাও হয়েছিল। কিন্তু, সঞ্জয়ের সাথে সম্পর্ক ত্যাগ করার পরিবর্তে রুমা যে তাঁর সাথেই ঘর বাঁধার পরিকল্পনা করেছিলেন, তা হয়তো টের পাননি কেউই! জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, “নির্দিষ্ট অভিযোগ এবং প্রাথমিক তথ্য প্রমাণের ভিত্তিতে মৃতের স্ত্রী ও ডেবরার এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বিচারক ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।” বুদ্ধদেবের ফোনে থাকা একটি অডিও-র ভিত্তিতেই পুলিশ অতি দ্রুত এই রহস্যের কিনারা করে বলে জেলা পুলিশের একটি সূত্রে জানা গেছে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…