দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ জুলাই: একুশে জুলাইয়ের ঠিক আগেই গ্রেপ্তার করা হল কালীঘাট তৃণমূলের বর্ষীয়ান নেতা দেবাশিস চৌধুরী ওরফে মুনমুনকে। খড়্গপুর পুরসভার প্রাক্তন কাউন্সিলর তথা জেলা তৃণমূলের প্রাক্তন সহ-সভাপতি দেবাশিস চৌধুরীকে শনিবার গভীর রাতে তাঁর বাড়ি (মালঞ্চ) থেকে গ্রেপ্তার করে খড়্গপুর টাউন থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে খড়্গপুর শহরের ২১নং ওয়ার্ডের এক মহিলাকে মারধর, প্রাণনাশের হুমকি সহ জমি হাতানোর অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
এও জানা গিয়েছে, গত ১৩ জুলাই ২১নং ওয়ার্ডের পোটারখোলি এলাকার বাসিন্দা মমতা বাঈ খড়্গপুর টাউন থানায় মোট ৭ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। সেই এফআইআরে দেবাশিস চৌধুরীর নাম ছিল না। তদন্তে নেমে অভিযুক্ত ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা ইতিমধ্যেই জামিন পেয়ে গিয়েছেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করেই দেবাশিস চৌধুরীর নাম উঠে আসে বলে তদন্তকারীদের একটি সূত্রে জানা গিয়েছে। এরপর শনিবার গভীর রাতে খড়্গপুর টাউন থানার আইসি অমিতকুমার মিত্রের নেতৃত্বে একটি দল দেবাশিস বাবুকে তাঁর মালঞ্চের বাড়ি থেকে আটক করেন। জিজ্ঞাসাবাদের পর রবিবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের এক আধিকারিক। তিনি এও জানিয়েছেন, আজই তাঁকে আদালতে পেশ করে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।
দেবাশিসবাবুর স্ত্রী নমিতা চৌধুরী খড়্গপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার। খড়্গপুর শহরের দাপুটে নেতা ও তুখোড় বক্তা হিসেবে জেলায় পরিচিতি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ দেবাশিস ওরফে মুনমুনের। সম্প্রতি আদি তৃণমূল বা কালীঘাট তৃণমূলের পক্ষে একুশে জুলাইয়ের জোরদার প্রচার শুরু করেছিলেন খড়্গপুর শহরের দুই বর্ষীয়ান নেতা দেবাশিস চৌধুরী ও জহর পাল। আর তারপরই দেবাশিসবাবুর এই গ্রেপ্তারির ঘটনায় শহরজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। এই বিষয়ে আদি তৃণমূলের নেতা তথা খড়্গপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান জহর পাল বলেন, ‘একুশে জুলাইয়ের প্রস্তুতি সভাতে আমি আর দেবাশিস নেতৃত্ব দিয়েছিলাম। তারপরই আজ গ্রেপ্তারির খবর পেলাম। দল ওঁর পাশে আছে। আইনের উপর আমাদের আস্থা আছে।’ ঋতব্রত-তৃণমূলের জেলা সভাপতি প্রদীপ সরকার বলেন, ‘বিষয়টি শুনলাম। আইনি বিষয় নিয়ে কিছু বলার নেই। আজ আমাদের জেলা কমিটির বৈঠক নিয়ে আমি নিজেও একটু ব্যস্ত আছি।’
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…