দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে। ঘুম থেকে ওঠা থেকে মধ্যরাত অবধি নেশাই হয়ে উঠছে একমাত্র সঙ্গী। তালিকায় তরুণ-তরুণী থেকে মাঝবয়সীরা। গত ২০ বছর ধরে বিপথে চলে যাওয়া এই ধরনের অসংখ্য মানুষকে জীবনের মূল স্রোতে ফেরানোর কাজ করে যাচ্ছে মেদিনীপুর শহরের সবথেকে পুরানো পুনর্বাসন কেন্দ্র ‘জননী’। বর্তমানে মেদিনীপুর শহরে তাদের দু’টি কেন্দ্র রয়েছে। একটি পুরুষদের, অপরটি মহিলাদের জন্য। দু’টি কেন্দ্রে প্রতি মাসে গড়ে অন্তত ২০ থেকে ২৫ জন ‘নেশাগ্রস্ত’ তরুণ-তরুণী বা মাঝবয়সী ব্যক্তিরা সেখানে ভর্তি হচ্ছেন বলে জানান জননীর কর্ণধার প্রতীক বু। সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনে সংক্ষিপ্ত কিংবা দীর্ঘকালীন চিকিৎসার মাধ্যমে তাঁদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফেরানোর কাজ করা হয় বলে জানান তিনি।
তিনি এও বলেন, পেশাদার চিকিৎসক, মনোরোগ বিশেষজ্ঞ, কাউন্সিলররা এই সংস্থার সঙ্গে যুক্ত। এছাড়াও, যোগা, প্রাণায়াম সহ মানসিক বিকাশ ও শরীরচর্চার বিষয়েও যত্ন নেওয়া হয় এখানে। সম্প্রতি প্রতিষ্ঠানের ২০-তম বর্ষ উদযাপনে মিলিত হয়েছিলেন গত কয়েক বছরে জীবনের মূল স্রোতে ফিরে আসা শতাধিক মানুষ। তাঁদের মধ্যেই অন্যতম শুভাশিস ভট্টাচার্য নামে বাঁকুড়ার এক ব্যক্তি বলেন, ‘একটা সময় আমি নেশাগ্রস্ত হয়ে সংসার, স্বাভাবিক জীবন থেকে বিচ্যুত হয়েছিলাম। টাকা-পয়সা সব ধ্বংস করে ফেলেছিলাম। সেইসময় আবার আমার ছেলের মাধ্যমিক পরীক্ষা! আমার পরিবার বাধ্য হয়েই আমাকে এখানে ভর্তি করে। মাত্র ছ’মাসের মধ্যেই আমি সুস্থ হয়ে উঠি। স্বাভাবিক জীবনে ফিরে যাই। এখন আমি বিষ্ণুপুর আদালতে আইনজীবী হিসেবে কাজ করি।’








