দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৩ জুলাই: খড়্গপুর আইআইটির শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হতে চলেছে এমআরআই, সিটি স্ক্যান ও ইউএসজি পরিষেবা। অন্তত স্বল্প খরচে সাধারণ মানুষকে এই পরিষেবা দেওয়া হবে বলে শুক্রবার জানিয়েছেন প্রতিষ্ঠানের ডিরেক্টর সুমন চক্রবর্তী। শনিবার খড়্গপুর আইআইটির ৭২তম সমাবর্তন উৎসব। শুক্রবার বিকেলে সেই উপলক্ষেই খড়্গপুর আইআটির টেকনোলজি গেস্ট হাউসে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই ডিরেক্টর সুমন চক্রবর্তী এই সুখবর শোনান। তিনি এও জানিয়েছেন, ইতিমধ্যেই এই পরিষেবাগুলির জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। চলতি মাস থেকেই এই পরিষেবা চালু করার বিষয়ে আশাবাদী ডিরেক্টর। খড়্গপুরের বলরামপুরে অবস্থিত এই সুপার স্পেশালিটি হাসপাতালে খুব তাড়াতাড়ি ইন্ডোর পরিষেবা এবং মেডিক্যাল পঠনপাঠনও চালু হতে চলেছে বলে ইঙ্গিত দিয়েছেন ডিরেক্টর। আউটডোর ও ডায়াগনস্টিক পরিষেবা অবশ্য আগেই চালু হয়েছে।

thebengalpost.net
সাংবাদিক বৈঠকে ডিরেক্টর:

এদিন সন্ধ্যা নাগাদ ডিরেক্টর সুমন চক্রবর্তী এও জানান, খড়্গপুর শহরের সুপ্রাচীন রেলওয়ে মেন হাসপাতালের সঙ্গে আইআইটির একটি মউ স্বাক্ষরিত হয়েছিল বছর দশেক আগে। এবার তা আরও কার্যকরী রূপ পেতে চলেছে। এছাড়াও, চিকিৎসা সংক্রান্ত পঠনপাঠনের জন্য খড়্গপুর আইআইটি ক্যাম্পাসে চালু করা হচ্ছে বিসি রায় মেডিক্যাল স্কুল। এদিন ডিরেক্টর বলেন, ‘প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে চেয়েছিলেন। ভারতের একমাত্র আমাদের আইআইটি-ই মেডিক্যাল পরিকাঠামোর দিক দিয়ে এত উন্নত। সেই পরিকাঠামোকে আমরা জনগণের সেবায় লাগাতে চাইছি। সেইসঙ্গেই প্রযুক্তির সহায়তায় চিকিৎসা সংক্রান্ত পঠনপাঠনকেও সমৃদ্ধ করতে চাইছি।’ তিনি এও জানান, ‘খড়্গপুর আইআইটির সঙ্গে সরাসরি ২০ জন মেডিক্যাল ফ্যাকাল্টি যুক্ত আছেন। তাঁরা খড়্গপুর শহরের রেলওয়ে মেন হাসপাতালে বিভিন্নভাবে পরিষেবা দেবেন। সেইসঙ্গেই রেলের এই হাসপাতালকে প্রযুক্তিগত ও গবেষণা সংক্রান্ত পরিষেবা দিয়েও সাহায্য করা হবে।’

thebengalpost.net
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালে: