দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার চলছে রক্ত নিয়ে কালোবাজারি। আর সেখানেই কিনা একটি শিবির থেকে সংগৃহীত হলো ৪৫২ ইউনিট রক্ত! গ্রামবাসীরা তাই ভালোবেসে এই শিবিরের নাম দিয়েছেন রক্তদান উৎসব বা মেলা। জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের প্রত্যন্ত একটি গ্রাম ডাঙরপাড়া। প্রতি বছরের মতো এবারও কর্ণগড় মন্দির সংলগ্ন এই গ্রামে জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের উদ্যোগে আয়োজিত হলো রক্তদান উৎসবের। এবার এই শিবিরে রক্তদান করলেন ৪৫২ জন। যা এখনও পর্যন্ত পশ্চিম মেদিনীপুরের রেকর্ড বলে দাবি উদ্যোক্তাদের।

thebengalpost.net
রক্তদান উৎসবে:

রবিবার (১৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রাজেশ মাহাত, শালবনীর বিধায়ক বিমান মাহাত, মেদিনীপুরের বিধায়ক শঙ্কর গুছাইত প্রমুখ। তাঁরা একসুরে জানান, ‘এমন রক্তদান উৎসব প্রতি ব্লকে বছরে অন্তত একটা করে হওয়া উচিত। যুব সমাজের এই উদ্যোগ ও উৎসাহে আমরা অভিভূত’ জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের তরফে জগন্নাথ পাত্র বলেন, ‘এক ফোঁটা রক্তই পারে মানুষকে বাঁচাতে। তাই জ্ঞান নয়, পারলে রক্ত দান করুন।’ পেশায় দমকল কর্মী জগন্নাথ এও বলেন, ‘আমরা সারাবছর ধরেই মুমূর্ষ রোগীদের রক্ত খুঁজে দেওয়ার চেষ্টা করি। আর প্রতি বছর এরকম একটি বড় শিবিরের আয়োজন করি। এলাকার মানুষ ও শুভাকাঙ্ক্ষীদের প্রচেষ্টায় এবারও সেটি সফল হয়েছে।’

thebengalpost.net
শিবিরে উপস্থিত রাজ্যের মন্ত্রী: