দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: মেদিনীপুর শহরের উড়ালপুলে (ফ্লাইওভারে) পড়ুয়াদের পুলকারের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ! ঘটনায় আহত হয়েছে একাধিক পড়ুয়া। শনিবার বিকেল নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মেদিনীপুর শহরে। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। উড়ালপুলের উপর গাড়ির গতি নিয়ন্ত্রণের দাবি তুলেছেন শহরবাসী।
এদিন বিকেলে রাঙামাটিতে অবস্থিত একটি ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়ারা ফিরছিল ওই পুলকারে চেপে। উড়ালপুলের ঠিক মাঝখানে উল্টোদিক থেকে আসা একটি প্রাইভেট কার মুখোমুখি ধাক্কা মারে ওই পুলকারে। গাড়িতে থাকা চার পড়ুয়া কমবেশি আহত হয়। এমনকি এই পুলকারের ঠিক পিছনেই থাকা অন্য পুলকারটিও সজোরে ব্রেক কষায়, সেই গাড়ির দু-তিনজন পড়ুয়াও সামান্য জখম হয়েছে। আহত পড়ুয়াদের পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য ফ্লাইওভারে যান চলাচল ব্যাহত হয়। শহরের বাসিন্দা, পেশায় শিক্ষক প্রবীর মাইতি বলেন, উড়ালপুলের উপর যানবাহনের গতি নিয়ন্ত্রণ জরুরি। সেইসঙ্গেই পড়ুয়াদের নিরাপত্তার স্বার্থে পুলকারগুলির উপর প্রশাসনের কড়া নজরদারি প্রয়োজন।








