দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে গ্রেপ্তার হলেন মমতাপন্থী তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি তথা পিংলার প্রাক্তন বিধায়ক অজিত মাইতি। পিংলা থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে বিক্ষোভের আশঙ্কায় ডেবরা থানায় নিয়ে যায়। এদিনই তাঁকে মেদিনীপুর আদালতে পেশ করার কথা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দলীয় পদ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আদায় এবং হুমকি দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।

thebengalpost.net
অজিত মাইতি (ফাইল ছবি):

বৃহস্পতিবার পিংলার বিজেপি নেতা গোবিন্দ দাস অভিযোগ করেন, ২০১৬ সালে পিংলা ব্লক তৃণমূলের সভাপতি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অজিত মাইতি তাঁর কাছ থেকে ১৫ লক্ষ টাকা নিয়েছিলেন। অভিযোগ, পরে তাঁকে ব্লক সভাপতি করা তো হয়ইনি, অঞ্চল সভাপতির পদও কেড়ে নেওয়া হয়। এই অভিযোগের ভিত্তিতে আইপিসি ৩৮৬ ও ৫০৬ ধারায় মামলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। যদিও, অজিত মাইতির দাবি, তাঁর বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।