দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয় জিমন্যাস্ট প্রণতি নায়েকের। জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসের আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের মহিলাদের ভল্ট ফাইনালে ষষ্ঠ স্থানে শেষ করলেন পশ্চিম মেদিনীপুরের পিংলার মেয়ে প্রণতি। ফাইনালে প্রণতির প্রথম ও দ্বিতীয়—দুই ভল্টেরই স্কোর ছিল ১২.৯০০। দু’টি ভল্টেই তাঁর ডিফিকাল্টি স্কোর ছিল ৪.৪ এবং এক্সিকিউশন স্কোর ৮.৫০০। এর সঙ্গে ০.২০ বোনাস যোগ হয়ে চূড়ান্ত স্কোর দাঁড়ায় ১৩.১০০।

thebengalpost.net
প্রণতি নায়েক (ফাইল ছবি):

পায়ের চোট কাটিয়ে এশিয়ান গেমসে জায়গা করে নিয়েছিলেন ৩১ বছর বয়সি প্রণতি। যোগ্যতা অর্জন পর্বে সপ্তম হয়ে আট প্রতিযোগীর ভল্ট ফাইনালে জায়গা করে নিয়েছিলেন তিনি। ফলে পদকের আশাও তৈরি হয়েছিল। কিন্তু, ফাইনালে কাঙ্ক্ষিত সাফল্য এল না। শেষপর্যন্ত ষষ্ঠ স্থানেই থামতে হল ‘মেদিনীকন্যা’-কে। মহিলাদের ভল্টে ১৪.৪৮৩ স্কোর করে সোনা জেতেন দক্ষিণ কোরিয়ার ইয়ো সিও-জিয়ং। ১৩.৬৬৬ স্কোরে রুপো পান উত্তর কোরিয়ার আন চ্যাং-ওক। আর ১৩.৪৫০ স্কোর করে ব্রোঞ্জ জেতেন চিনের দু সিয়ু।