Cheating

মাত্র ২২ বছরেই প্রতারণা চক্রের পান্ডা! পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার শিক্ষা দপ্তরের সেই ‘ভুয়ো আধিকারিক’ সহ ৩ জন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ সেপ্টেম্বর: ফের ভুয়ো পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা! কিন্তু, কথাতেই আছে- “চোরের সাতদিন গৃহস্থের একদিন”! তাই, ‘ভুয়ো’ আইএএস, আইপিএস- দের মতোই শেষ পর্যন্ত পুলিশের জালে পশ্চিম মেদিনীপুরের ভুয়ো শিক্ষা দপ্তরের আধিকারিকও। শিক্ষকতার চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারতা করার অভিযোগে মাত্র ২২ বছরের সেই যুবককে গ্রেপ্তার করেছে দাসপুর থানার পুলিশ। সঙ্গে গ্রেপ্তার হয়েছে, তার দুই প্রতারণা-সঙ্গীও। তাদের মধ্যে একজন সন্দীপ করণ, যিনি আবার একটি স্কুলের শিক্ষক, অপরজন অশোক বর্মন, পেশায় সবজি ব্যবসায়ী। এই তিন প্রতারককেই গ্রেপ্তার করে রবিবার ঘাটাল মহকুমা আদালতে তোলা হয়েছিল। বিচারক তাদের ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। ঘাটালের মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) অগ্নিশ্বর চৌধুরী-র নেতৃত্বে তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ।

দাসপুর থানা :

পুলিশ সূত্রে জানা গেছে, দাসপুরের মহম্মদপুরের বাসিন্দা সুসমন বেরার বিরুদ্ধে বেকার যুবক-যুবতীদের সরকারি চাকরি (মূলত, শিক্ষকতার চাকরি) পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ ছিল। তার ভিত্তিতেই পুলিশ ওই যুবকের বাড়িতে শনিবার রাতে অভিযান চালায়। তার বাড়ি থেকে ৬-টি বহুমূল্য মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ! যেগুলির বাজারমূল্য প্রায় ৬ লক্ষ টাকা। তার মধ্যে, একটি মোবাইল ফোনের দাম নাকি দেড় লক্ষ টাকার কাছাকাছি! এ ছাড়াও, বড় বড় আধিকারিক ও দপ্তরের নামাঙ্কিত বেশ কিছু নকল লেটারহেড, রাবার স্টাম্পও উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। সূত্রের খবর অনুযায়ী, বছর বাইশের সুসমন পাঁশকুড়া কলেজে পড়াশুনা করত। সেখান থেকেই সন্দীপ করণ ও অশোক বর্মণের সঙ্গে তার পরিচয়। সন্দীপ তার কম্পিউটার শিক্ষক ছিল বলে জানা গেছে। ঘাটালের একটি স্কুলে শিক্ষকতা করত সে। সুসমন বিভিন্ন জায়গায় নিজেকে শিক্ষা দপ্তরের আধিকারিক বলে পরিচয় দিত। ‘শিক্ষকতার চাকরি’ পাইয়ে দেওয়া নাকি তার কাছে জলভাত ছিল! জানা গেছে, অশোক বর্মন চাকরি প্রার্থী জোগাড় করত, আর শিক্ষক সন্দীপ করণ সকলকে বোঝাত। এভাবেই তিনজনে মিলে প্রায় সত্তর লক্ষের বেশি টাকা হাতিয়েছিল বলে জানা গেছে।

এদিকে, সুসমনের জীবন যাত্রা দেখে এলাকার মানুষের সন্দেহ হয়। প্রতারণার খবর পৌঁছয় পুলিশের কানে। পুলিশ খোঁজ-খবর নিয়ে নিশ্চিত হয় এবং শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে। পুলিশি জেরায় ঘটনার কথা স্বীকার করেছে সে। জেরায় সন্দীপ ও অশোকের নামও উঠে আসে। রবিবার তাদের গ্রেফতার করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘাটালের মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী বলেন, “সূত্র মারফৎ খবর পেয়ে দাসপুর থানার সাগরপুর-মহম্মদপুরের সুসমন বেরা-কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৬টি দামি মোবাইল, কিছু সরকারি আধিকারিকের নকল লেটারহেড, স্ট্যাম্প ইত্যাদি উদ্ধার হয়েছে। এই প্রতারণা চক্রে আরও কেউ যুক্ত আছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে।”

গ্রেপ্তার সেই ভুয়ো আধিকারিক সুসমণ বেরা :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago